রংপুর ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৪:৫০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৬:৫২ পিএম
রংপুরে র্যাবের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : প্রবা
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার সিপাইপাড়া বাজার, মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার ও আদিমারী উপজেলার টেপরাহাট বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ও এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে র্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডারের দ্বীন ইসলাম ওরফে নজরুল ইসলাম, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বগুড়া জেলার এটিএম শাকিল আহমেদ ওরফে শাহীন ও মাদক কারবারী লালমনিরহাট আদিতমারী উপজেলার দূর্গাপুরের আনারুল ইসলাম।
র্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, চলতি বছরের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক কারবারী দ্বীন ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও জরিমারা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। আসামি দ্বীন ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গেপ্তারি ও সাজা পরোয়ানা ইস্যু করা হয়। পুলিশ দ্বীন ইসলামকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের তৎপরতা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে র্যাব-১৩-এর নীলফামারীর একটি দল মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার সিপাইপাড়া বাজারে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি এটিএম শাকিল আহমেদ ওরফে শাহীনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া জেলা সদর থানায় ৩টি সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের মানুষদের কাছে অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হতো।
এদিকে মাদক নির্মূল অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার শীর্ষ মাদক কারবারী আনারুল ইসলামকে আদিমারী উপজেলার টেপরাহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন র্যাব-১৩ এর অধিনায়ক।