শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩২ এএম
নিহত রাসেল সরদার।
শরীয়তপুরের ডামুড্যাতে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম রাসেল সরদার। তিনি ওই এলাকার ইসহাক সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন রাসেল। এ সময় পেছন থেকে স্থানীয় বিএনপিকর্মী সাইফুল মাদবর ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাসেলকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা।
নিহতের ভাবি সীমা আক্তার বলেন, ‘আমার দেবর আওয়ামী লীগ করত বলে বিএনপির সাইফুল ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে। ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেল। আমরা ওদের ফাঁসি চাই।’
নিহতের বোন ইয়াসমিন বলেন, ‘আমার ভাইকে ওরা মেরে ফেলল। আমার ভাই তো কারও ক্ষতি করেনি। খুনিদের কঠিন বিচার চাই।’
এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে রাসেল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’