× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে আশ্রয়ণ প্রকল্প দখল, জমিতে এলে হত্যার হুমকি

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৩ পিএম

মিঠাপুকুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৮টি ঘর ভাংচুর করা হয়। প্রবা ফটো

মিঠাপুকুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৮টি ঘর ভাংচুর করা হয়। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৮টি ঘর ভাংচুর করা হয়েছে। এ সময় ঘরগুলোর দরজা, জানালা, ইট, রড লুট করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।

আশ্রয়ন প্রকল্পের ২ একর ৩৮ শতাংশ জমি নিজেদের দাবি করে সীমানা নির্ধারণ করেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজন। জমিতে যেই আসবে তাকে মেরে বালুচাপা দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মানাধীন ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। যেগুলোর কাজ সম্পন্ন হয়েছে সে ঘরগুলোর কয়েকটির দরজা, জানালা খুলে নিয়ে গেছে। ল্যাট্রিনের রিংগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২ একর ৩৮ শতাংশ সরকারি খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ৭৮টি ঘর নির্মানের কাজ শেষ হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু গৃহহীনদের জন্য এসব ঘর নির্মান করতে গিয়ে শুরু থেকেই উপজেলা প্রশাসনকে হিমসিম খেতে হচ্ছে। বার বার ক্ষতিগ্রস্থ করা হয়েছে ঘরের অবকাঠামো।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আমরা আপনাদের কিছু বলতে পারবনা। আপনাদের কিছু বলতে গেলে ভূমিদস্যু মন্টু মিয়া, চান মিয়া, রবিউল, হামিদুল, বাদশা মিয়া তাদের গুণ্ডা বাহিনী আমাদের ওপর লেলিয়ে দেবে। আমরা এসব অন্যায় দেখেও কিছু করতে পারছিনা।

তাদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হকের আত্মীয়-স্বজন হওয়ায় অভিযুক্তরা তার প্রভাবে সরকারি সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার পায়তারা করছে।

স্থানীয়রা জানান, আশ্রয়ণের ঘরগুলো নির্মাণের শুরু থেকেই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঘর নির্মাণ ও তদারকির দায়িত্বে থাকা শ্রমিকরা নানাভাবে হুমকি ও বাধা পেয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরেই সুযোগ বুঝে দলবল নিয়ে আবাসনের ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছিল। এখানে যারা কাজ করছিল তাদের মারপিট করে বিতাড়িত করা হয়েছে। মিস্ত্রিদের কেউ কেউ আশেপাশের বাসায় লুকিয়ে প্রাণে বেঁচে গিয়েছিলেন। সে সময়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করলেও আবারো কয়েকদিনে সেগুলো ভেঙে লুটপাট ও চুরি করা হয়েছে।

অভিযুক্তরা উপস্থিত না হলেও তাদের পক্ষে ২০/২৫ জন নারী আশ্রয়ন প্রকল্পে এসে জানান, এখানে যেই আসবে তাদের মাথা ফেলে দেওয়া হবে। এমনকি সরকারি কর্মকর্তাদের আশ্রয়নে আসার অপেক্ষায় তারা আছেন বলে সাংবাদিকদের হুমকি দিয়ে সতর্ক করেন।

অভিযুক্ত মন্টু মিয়া ও চান মিয়া মুঠোফোনে বলেন, এই জমি আমাদের। এখানে কোন সরকারি স্থাপনা গড়তে দেব না। যেই আসুক না কেনো মেরে বালু চাপা দিয়ে দেব।

রবিউল, হামিদুল এবং বাদশা মিয়া জানান, জমিগুলো খাস নয়। আমাদের কাছে কাগজপত্র সবই আছে। তাছাড়া এই জমি নিয়ে আদালতে একটি মামলাও হয়েছিল। মামলায় রায় পাইনি, তাতে কী হয়েছে। জীবন দিতে রাজি আছি তবুও জমি ছেড়ে দেব না।

সাবেক আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক জানান, কেউ আমার নাম ভাঙিয়ে এমনটি করতে পারে। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ‘এলাকার অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২ একর ৩৮ শতাংশ সরকারি খাস সম্পত্তিতে একক পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ভূমিদস্যুরা পরিস্থিতির সুযোগ নিয়ে আশ্রয়ণের ঘরের কাজ বন্ধ করে দিয়েছে। ঘর ভাংচুরসহ ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা