নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০২ পিএম
দোকান-বাসা পুড়ে ছাই । প্রবা ফটো
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকানঘর ও ২টি বাসাবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪-৫ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার খবর পেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজ-খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্তদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাজারের ব্যবসায়ীরা যে যার বাড়িতে চলে যান। পরে রাত ৩টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে মুহুর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের গোডাউনসহ ১০টি দোকান ঘর ও দোকান সংলগ্ন ২টি বাসা পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ছুটে গিয়ে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরইমধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া বলেন, ভিজা লাকরি শুকানোর জন্য বাজারের মিষ্টান্ন ও বিরিয়ানির দোকানের আগুনের চুলায় ওপর রাখা হয়েছিল। মূলত তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। ক্ষতির পরিমাণ ৪-৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এ অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে।