চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার পানির সঙ্গে ছুটে আসা পাথরের আঘাতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এ ঘটনা ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২৭ বছরের মাহবুব হাসান ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। ঢাকায় বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
এ ছাড়া গুরুতর আহত গাজী আহমেদ বিন শাহীনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে ওয়ান ব্যাংক কাওরান বাজার হেড অফিসের ছয়জন ব্যাংক কর্মকর্তা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন। দুপুরে তারা ঝরনার কূপে গোসল করার সময় ওপর থেকে একটি পাথর মাহবুব হাসানের মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন গাজী আহমেদও।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মাহবুব হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এবং আহতকে উদ্ধার করে মিরসরাই থানায় পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।