পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৫ পিএম
‘ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। সবাই এক একজন ওয়াসিমের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনব। ওয়াসিমেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন এদেশ থাকবে, এ স্বাধীনতা থাকবে ততদিন ওয়াসিমদের অবদান জাতি স্মরণ রাখবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মেহেরনামা বাজার পাড়া গ্রামে ওয়াসিম আকরামের বাড়িতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও স্থানীয় নেতারা।
পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে।
এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।