নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৬ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৩ এএম
প্রবা ফটো
নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধ মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে দগ্ধরা হলেন সান্তানপাড়া গ্রামের দীপালি রানী ধর ও তার ছেলে উত্তম কুমার ধর।
পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাংগার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন উত্তম ধর ও তার মা দীপালি রানী ধর। খবর দিলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজন ও স্থানীয়রা সাড়ে ৮টার দিকে সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন। এদিকে মা ও ছেলেকে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের ডা. মানজারুল ইসলাম বলেন, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হন মা ও ছেলে। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা দগ্ধ হন।