কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৩:১৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম
কুমিল্লা টাউন হলের এই মাঠেই হবে বিএনপির বিভাগীয় সমাবেশ।
আগামী ২৬ নভেম্বর কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশের মৌখিক অনুমতি ছিল। মঙ্গলবার (২২ নভেম্বর) সমাবেশের লিখিত অনুমতি দিয়েছে জেলা প্রশাসক।
তবে অনুমতির সঙ্গে জেলা প্রশাসক জুড়ে দিয়েছেন ১০টি নির্দেশনা। সমাবেশ করতে হলে এসব নির্দেশনার ব্যত্যয় ঘটাতে পারবে না বিএনপি।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, ২৬ নভেম্বর সমাবেশে টাউন হল মাঠ ব্যবহারের জন্য জেলা প্রশাসকের কাছে দলের পক্ষ থেকে আবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হল মাঠ ব্যবহারের লিখিত অনুমতি পেয়েছি। এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ২৬ নভেম্বর কুমিল্লায় স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাঠ ব্যবহারে দেয়া ১০ শর্তের মধ্যে রয়েছে, সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে। ব্যানার, ফেস্টুন, পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না।
সমাবেশটি ২৬ তারিখে বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। সমাবেশে মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। উচ্চশব্দে মাইক ব্যবহার করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়―এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না।
এ ছাড়াও পাশের জেলা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা হতে আগত লোকজনের যানবাহন যেমন―বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, থ্রি হুইলার ইত্যাদি কোনোমতেই শহরে প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে।
মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না বলে শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন।
তবে সমাবেশ স্থান হিসেবে টাউন হল মাঠের জন্য জেলা প্রশানসের কাছ থেকে অনুমতি পাওয়ার আগেই মাঠটিতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা গত দুই দিন থেকেই মাঠে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করে।