রংপুর অফিস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৪ পিএম
আগামী দুই দিন রংপুর বিভাগ ও এর সংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে জানিয়ে উত্তরের চার জেলায় সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। বলা হচ্ছে, অতি ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বন্যা হবে না।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১ দশমিক ২১ মিটার এবং ডালিয়া পয়েন্টে ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী, আগামী দুই দিনে রংপুর বিভাগ ও এর উজান ভারতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বাড়তে পারে। পরবর্তী এক দিন পর্যন্ত নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। আগামী তিন দিন কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাগুলোর নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচর প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমানে রংপুরের কোনো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। যেহেতু উজানে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে, তাই নদীর তীরবর্তী এলাকার মানুষকে সর্তক করা হয়েছে।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই আশ্বিনে টানা দুই দিনের বৃষ্টিতে তিস্তাসহ বিভিন্ন অঞ্চলের নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত দেশের সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।