নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, রোগীর তুলনায় চিকিৎসক, নার্সসহ নানা সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্যব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। তার পরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে।
চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নূরজাহান বেগম বলেন, হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে রোগী বেশি। এতে করে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলো পরিদর্শনকালে দেখা গেছে, যে মেয়েটির বিয়ের বয়স হয়নি অথচ সে বাচ্চার মা হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাল্যবিবাহ রোধ করা শুধু সরকারের দায়িত্বই নয়। এটা জনগণেরও দায়িত্ব এবং জনগণকে সচেতন থাকতে হবে।
সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপপরিচালক নিয়াজুর রহমান, শিবপুরের ইউএনও শাহ মো. সজীব, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।