নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে করা মামলায় ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আসামি সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ও নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদের সেক্রেটারি।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
অভিযোগ রয়েছে, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এ সময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং একই ওয়ার্ডের সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে বহিষ্কার করে মহানগর বিএনপি।