সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৪ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান এবং মেয়ে রাফসা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়ে কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইসতিয়াক আহমেদ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। তারপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিঙ্গাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।
সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইসতিয়াক আহমেদ বলেন, পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।