ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৫ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম
অস্ত্রসহ আটত তিন ডাকাত। প্রবা ফটো
ভোলার দৌলতখান উপজেলা থেকে তিন দুর্ধর্ষ ডাকাত আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ১৫টি দেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজারসংলগ্ন এলাকার ব্যাপারীবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আটকরা হলেন মো. আনোয়ার হোসেন, মো. সোহেল ও মো. হাসান। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সালাউদ্দিন রশিদ তানভীর জানান, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাতদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।
তিনি জানান, ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড ওই এলাকাগুলোয় তৎপরতা বাড়ায়। যার ফলে আজ বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খায়েরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ব্যাপারীবাড়ি তল্লাশি চালিয়ে এ তিনজনকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, ১৫টি দেশি অস্ত্র এবং একটি অবৈধ মোটরসাইকেলসহ আটক করা হয়।
লেফটেন্যান্ট সালাউদ্দিন আরও জানান, জব্দ আলামতসহ আইনানুগ ব্যবস্থা নিতে তাদের দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।