যৌথ বাহিনীর অভিযান
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৬ পিএম
যৌথবাহিনীর অভিযানে ফেনীর সোনাগাজীতে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।’
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।’