× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে কাঁটাতারের বেড়া

বিজিবি-বিএসএফের বৈঠকের পর বন্ধ কাজ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৪ পিএম

বিজিবি-বিএসএফের বৈঠকের পর বন্ধ কাজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দিয়েছে। বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাটি নিয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েক দিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য অল্প অল্প স্থানে বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার করেন, আর রাতে ওই অংশে বেড়া দেন। এভাবে দুটি সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলে। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে। পরে ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে।

সরেজমিন দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সীমান্তের জমির আইল, পুকুর পাড়ে বসে রয়েছেন। আর বিজিবি সদস্যরা ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। হাটখোলা বিওপি কমান্ডারসহ বিজিবির কয়েকজন বিজিবি সদস্য বৈঠকের জন্য সাব পিলার ১৫ নম্বরে গিয়েছেন। সেখানে ভারতের গয়েশপুর ক্যাম্পের বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বৈঠক হয়। দুপুর ১২টার দিকে শুরু হওয়া বৈঠক দুপুর ১টা পর্যন্ত চলে। বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী।

সোনাতলা গ্রামের বাসিন্দা মো. শাহজাহান বলেন, চার-পাঁচ দিন ধরে তারা (বিএসএফ) এসব ঘিরিচ্ছে (বেড়া দেওয়া)। তারা দিন করে জঙ্গল (আগাছা) কাটে, আর রাত করে ওই জায়গাতে ঘিরে। পরে বিজিবি নিষেধ করার পরে বৈঠকে বসেছিল। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেটি জানি না।

আরেক বাসিন্দা কামরুজ্জামান বলেন, তারা (বিএসএফ) কি আন্তর্জাতিক সীমানা মানবে না? তারা জোর করে এসব করতেছে। আমরা এই বিষয়টি দেখার জন্য ডিজি (বিজিবির মহাপরিচালক) মহোদয়ের কাছে অনুরোধ জানাই।

আরিফুল ইসলাম নামে একজন বলেন, বিজিবি গতকাল বাধা দিয়েছিল। রাতে বন্ধ থাকার পর সকালে আবার কাজ করা হয়। পরে বিজিবি বাধা দিয়েছে। এরপর তারা বৈঠক করেছে।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল (শনিবার) বাধা দেন। পরে আজ (রবিবার) সকালে আবার কাজ করেন। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি করেনি।

জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে তা তুলে নিয়ে যাবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা