মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৩ পিএম
‘বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও। পশুর নদে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে। পশুর নদের স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা পাবে।
জাহাজি বর্জ্য, কয়লা, তেল এবং প্লাস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদের
জলজপ্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’
বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের
মোংলার পশুর নদের পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ ও পশুর রিভার
ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্পদূষণ
ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পশুর রিভার
ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা নূর আলম শেখ বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী-খাল আজ বিপন্ন।
নদী দখল এবং দূষণে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পশুর নদের জলজপ্রাণী অস্তিত্ব বিপন্ন
হতে চলছে। নদী-খালে বিষ প্রয়োগে মাছ নিধন এখন সুন্দরবনের এক নম্বর সমস্যা। নদী দখল
ও দূষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।
আরও বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা)
সংগঠক মোল্লা আল মামুন, ওয়াটারকিপারস বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মণ্ডল,
প্রদীপ সরকার প্রমুখ।