ফেনী ও নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে
আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আমাদের অভ্যন্তরীণভাবেই সমাধান
করতে হবে। অভ্যন্তরীণভাবে আমরা সমাধানের চেষ্টা করছি। দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য
দিয়ে যাচ্ছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই
রয়েছে। নানাভাবে পরিস্থিতি সংকটাপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত
এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিস্থিতি বিবেচনায়
গতকাল তিনজন উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম যান বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কোথাও সরকারিভাবে
ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। সাময়িকভাবে
কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট
সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি।
পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ
দেখাতে পারবে না।
নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের বিষয়টি
সত্য নয়। এ বিষয়ে সেখানের জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। এ ধরনের
অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়ার
অনুরোধ রইল।
পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন,
এখানে যেহেতু প্রতিবছর বন্যা হয়, সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন। ক্ষতির পরিমাণ কমিয়ে
আনতে বাঁধগুলো কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। এখন আমরা পুনর্বাসন কার্যক্রমে
জোর দিচ্ছি। প্রাথমিকভাবে গৃহ নির্মাণে সবার চাহিদা রয়েছে। পাশাপাশি যাদের শিক্ষাসামগ্রী
নষ্ট হয়ে গেছে তা দ্রুত সরবরাহ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে
দেওয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক
পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য ভারতের সঙ্গে
কথা বলা হচ্ছে।
এর আগে ছাগলনাইয়া উপজেলার আন্ধারমানিক এলাকায়
বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
শহীদ শ্রাবণের কবর জিয়ারত
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার
উত্তর আনন্দপুরে শহীদ ইশতিয়াক হোসেন শ্রাবণের কবর জিয়ারত করেছেন। সে সময় তিনি বলেছেন,
এরই মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০
কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার আহতদের হাতে দ্রুত আর্থিক সহায়তা
তুলে দিচ্ছে। দীর্ঘমেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের
বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বোপরি জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা
হচ্ছে।
আজ (শনিবার) ফেনীর ফুলগাজীর উত্তর আনন্দপুরের
ছাত্র আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদের কবর জিয়ারতে যান উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এ সময় তিনি শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারের সঙ্গে কথা বলেন।
ফেনীর জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার,
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপদেষ্টার
সঙ্গে ছিলেন।
নোয়াখালীতে বন্যাদুর্গতদের খবর নিয়েছেন
উপদেষ্টা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা
কানিজ ফাতিমার কাছ থেকে বন্যাদুর্গতদের খোঁজখবর নিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে উপজেলার বজরায় একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বন্যার্ত মানুষের
অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় কানিজ ফাতিমা বলেন, নোয়াখালীর সোনাইমুড়ীসহ বৃহত্তর
নোয়াখালীর মানুষ ২০০৪ সালের পর এবার এমন ভয়াবহ বন্যা দেখেছে। বন্যায় সোনাইমুড়ী উপজেলার
মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে অসংখ্য মৎস্য খামারি, প্রাণিসম্পদ,
কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে
বলে আশ্বাস দেন উপদেষ্টা।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেগমগঞ্জ উপজেলার
বন্যাদুর্গত মানুষের সাথে মতবিনিময় সভা করেন এবং ত্রাণসামগ্রী তুলে দেন উপদেষ্টা মো.
নাহিদ ইসলাম।