সাভার প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম
গ্রেপ্তারকৃত পাঁচজন। প্রবা ফটো
শ্রমিক অসন্তোষ ও শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে উস্কানি ও সহযোগিতা করার অভিযোগে আশুলিয়াসহ বিভিন্ন এলাকা থেকে সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করেন তারা।
গ্রেপ্তাররা হলেন- মো. হাবিব খান ধামরাই উপজেলার মোকামটুলা গ্রামের মো. লাবু খানের ছেলে। তিনি ধামরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি, আশুলিয়ার নরসিংহপুর এলাকার দুর্জন মোল্লার ছেলে মো. আলকাছ মোল্লা, একই থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত-মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম, লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম ও আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার।
পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনরত শ্রমিকদের মাধ্যমে উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুর করে। রাস্তা ব্যারিকেট দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুঁড়িয়ে অপূরণীয় ক্ষতি সাধন করে। আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথবাহিনীর উপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার মত ঘটনা ঘটায় তারা। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোরভাবে দমনসহ আইনের আওতায় আনতে আশুলিয়া থানাপুলিশ সহ যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।