মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৯:৫২ পিএম
প্রতীকী ছবি
মানিকগঞ্জের ঘিওরে একটি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) মথুরনাথ সরকার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন ঘিওর উপজেলার পুখুরিয়ার ইফতে আরিফ এবং শিবালয়ের অন্যাপুরের মন্টু সূত্রধর।
মামলার বিবরণীতে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালের ৬ জুলাই স্থানীয় হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান মন্টু ও আরিফসহ কয়েকজন ব্যক্তি। আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মন্টু, আরিফ ও বাসুদেব শর্মাকে আসামি করে মামলা করেন। ২০১৪ সালের ১২ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা। মামলা চলাকালীন আসামি বাসুদেব মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
১১ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম।