× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে এক বিধবা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। উপজেলার দৌলখাঁড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই নারী দৌলখাঁড় গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী খালেদা বেগম। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকের সঙ্গে কথা হয় খালেদা বেগমের। তিনি জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) বাড়িতে একা ছিলেন তিনি। তার মেয়েরা ছিল কুমিল্লায়। জয়নাল ফরায়েজি ও তার আত্মীয়স্বজনরা আমাদের গাছের জাম্বুরা ও নারকেল পেড়ে নিচ্ছিল। এ সময় আমি বাধা না দিয়ে এই দৃশ্য ভিডিও করার চেষ্টা করি। তারা ভিডিও করতে দেখে ফেলে। এরপর জয়নাল ফরায়েজি, তার ভাই মিজান, জামাল, মেয়ের জামাই আবদুল কুদ্দুস, ভাতিজা মেহেদী হাসানসহ আরও ১০ থেকে ১৫ জন আমার ওপর হামলা চালায়। প্রথমে তারা আমাকে তাদের ঘরের সামনে নিয়ে লাঠিপেটা করে। তারা সবাই সংঘবদ্ধ হয়ে আমার ওপর হামলা করে।

তিনি আরও জানান, তারা যখন আমার ওপর হামলা করে আমি তখন চিৎকার করি। আমার চিৎকারে আশপাশের লোকজন তখন জড়ো হওয়ার চেষ্টা করে। কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসেনি। একপর্যায়ে তারা আমাকে একটি নারকেলগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এ সময় জয়নালের মেয়ের জামাই আবদুল কুদ্দুস বলে ‘মামলা যখন খাব, একেবারে মেরেই ফেল।’ তাদের নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ওপর হামলার কথা শুনে প্রায় পাঁচ ঘণ্টা পর কুমিল্লা শহর থেকে মেয়ে ও মেয়ের সহপাঠীরা, পার্শ্ববর্তী কয়েকজন আত্মীয়স্বজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। নির্যাতনের পর তারা আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এখনও ফোনটি ফেরত দেয়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা জানান, আহতের পুরো শরীরে অসংখ্য জখম রয়েছে। পুরোপুরি সেরে উঠতে অনেক দিন লাগবে।

অভিযুক্ত ডেকোরেটর ব্যবসায়ী জয়নাল ফরায়েজি বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত না। শুনেছি বাড়িতে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা