বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫০ পিএম
বান্দরবানের রুমায় বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন, সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকাসংলগ্ন গহিন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্ত্রাসীদের একটি আস্তানা শনাক্ত করে আস্তানাটি থেকে দুটি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, তিনটি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, একটি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, একটি অডিও, ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, একটি শবু ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, একটি দুরবিন, দুটি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, দুটি পাওয়ারফুল লাইট, একটি সোলার সিস্টেম, একটি আকাশ টিভি রিসিভার ও একটি আমব্রেলা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল, দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি থেকে আরও জানানো হয়, অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউস ইত্যাদির সন্ধান পাওয়া যায়, যা অভিযানে ধ্বংস করা হয়েছে।