× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী দূষণমুক্ত করার সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি সরকার

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:১৪ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:৫০ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : প্রবা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : প্রবা

নদী দূষণমুক্ত করতে বাংলাদেশের সীমাবদ্ধতা আছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন পর্যন্ত নদী দূষণমুক্ত করার সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি।

নদী দূষণমুক্ত করার জন্য সরকার প্রকল্প নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের মধ্য দিয়ে নদী দূষণমুক্ত করার জন্য ইকুইপমেন্ট সংগ্রহ করবেন তারা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর এক সেমিনারে প্রতিমন্ত্রী নদীরক্ষার বিভিন্ন বিষয়ে কথা বলেন। নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদীরক্ষা কমিশন ও রাজশাহী বিভাগীয় নদীরক্ষা কমিটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সেমিনার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী দূষণের বিষয়ে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কারণ আমরা এখন পর্যন্ত এ ধরনের ইকুইপমেন্ট বা সরঞ্জাম সংগ্রহ করতে পারিনি। আমাদের সীমাবদ্ধতা আছে।’

রাজশাহীর গোদাগাড়ী থেকে ভারতের ধুলিয়ান নৌরুট চালু প্রসঙ্গে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এনবিআর ক্লিয়ারেন্স দিলেই আমরা গোদাগাড়ী থেকে ধুলিয়ান নৌরুটটি চালু করতে পারব।’

আত্রাই, ইছামতী, বড়াল, মহানন্দা ও পুনর্ভবা নদীসমীক্ষা শীর্ষক রাজশাহী বিভাগীয় কর্মশালায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নদী দখল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রশাসন আছেন, তারা এ বিষয়ের অথরিটি। নদীরক্ষায় যেসব কমিটি আছে, বিভাগীয় কমিটির প্রধান বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনও। সেই কমিটিগুলোর কাজ হচ্ছে কার্যকর পদক্ষেপ নিয়ে নদীগুলো দখলদারদের থেকে মুক্ত করা। দখলমুক্ত করতে প্রশাসনযন্ত্র বারবার পদক্ষেপ নিচ্ছে। কাজেই আমাদের এ কাজ চলমান আছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর মুখগুলোতে স্লুইস গেট রয়েছে। এগুলো অনেক পুরোনো। যেখানে জলাভূমি আছে সেখানে বাঁধ দেওয়া যাবে না, পানির ধারা আটকে রাখা যাবে না। আমাদের দেশে বন্যা-দুর্যোগ বেড়ে যাচ্ছে। বৃষ্টির সময় বাঁধগুলোর কারণে সমস্যা হচ্ছে। সিলেট বিভাগে বারবার বন্যা হচ্ছে। এ বিষয়ে আমরা স্টাডি করেছি। প্রতিবেদন ইতোমধ্যে প্রায় আমাদের কাছে পৌঁছেছে। দ্রুতই আমরা পদক্ষেপ নেব। মাননীয় প্রধানমন্ত্রী বদ্বীপ পরিকল্পনা নিয়েছেন। তা মূলত নদী-নালা, খাল-বিল রক্ষা করার জন্য।’

নদীসমীক্ষার ওপর গুরুত্বারোপ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নদী বিষয়ে জরিপ করতে চাই। জরিপের প্রতিবেদন পাওয়ার পর করণীয় ঠিক করব। নদী যদি বাঁচাতে না পারি তবে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। আমাদের নদীগুলো হচ্ছে বাংলাদেশের শিরা। নদীরক্ষার ক্ষেত্রে কমিশন কঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সে কমিশন কাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে নদীরক্ষায় যৌথভাবে কাজ করছে। তেমনিভাবে বিভাগীয় পর্যায়ে আমরা কর্মশালা করব। নদীরক্ষা নিয়ে আমাদের কী করণীয় এবং কী পদক্ষেপ নিতে হবে তা এ কর্মশালা থেকে বেরিয়ে আসবে। তার পরই আমরা আমাদের কর্মপন্থা চূড়ান্ত করব। আমরা চাই বাংলাদেশের মানুষ নদীরক্ষায় এগিয়ে আসুক, মানুষের মধ্যে সচেতনতা আসুক। আমাদের মধ্যে সচেতনতাই ছিল না যে নদীগুলো রক্ষা করতে হবে।’

প্রতিমন্ত্রী গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন, ‘নদীগুলো দখল-দূষণ থেকে রক্ষার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আমরা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা করছি, যেন নদীগুলো রক্ষায় জনমত তৈরি করতে পারি। গণমাধ্যমে নদী দখলের চিত্র তুলে ধরা হয়েছে। এর ফলে অনেক দখল ও দূষণকৃত নদীর বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে এবং আমরা তা উদ্ধারে কাজ করছি।’

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা