সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:০৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু ইমন হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. এরফান উল্লাহ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াছ করনী লকেট প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলার যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দিয়েছেন। মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।’
যাবজ্জীবন পাওয়া আসামিরা হলো, বেলকুচি উপজেলার চর মকিমপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ওসমান, কোরবান আলীর ছেলে সোহেল, আব্দুস সোবহানের ছেলে কাওছার ও তামাই গ্রামের ময়দান আলীর ছেলে আল-আমিন ও মো. হিরন।
খালাস পেয়েছেন মো. আলহাজ আলী ও গোলাম।
এজাহারে বলা হয়েছে, শিশু ইমনের মা মমতা খাতুন তার চাচা আলহাজ আলীর কাছ থেকে জমি কেনার জন্য ৩০ হাজার টাকা বায়না দেন। কিন্তু জমি রেজিস্ট্রি না করা ও টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মমতার ছেলে ইমনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি মমতার ছেলে ইমন নিখোঁজ হয়। ২২ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির পাশ থেকে ওই শিশুর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় ইমনের চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।