ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১০ পিএম
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। প্রবা ফটো
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগের কাছে নিজের বাবার মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ নিয়ে দেশে ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। ৭৫’এর ১৫ আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এ কারণেই শেখ হাসিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে কীভাবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় তার চিন্তা করছিল। প্রতিশোধের অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাদের রেখে পালিয়েছেন ভারতে।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনেননি। কারণ দেশের মানুষের ওপর তার কোনো আস্থা ছিল না। তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির বারোটা বাজায় দেশ ছেড়ে পালিয়ে যাবেন।
মামুনুল হক আরও বলেন, ৫০ বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। তিনি বাংলাদেশের বুকের ওপর দিয়ে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন। কারণ তিনি এ দেশের উন্নতি চাননি। দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার রাজনীতি।
বাংলাদেশ খেলাফল মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাঈফীর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসাসহ অন্য বক্তারা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়।