সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:২১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ পিএম
সাতক্ষীরায় বখাটের হাতুড়ির আঘাতে প্রাণ গেল রোজিনা আক্তার চুমকি নামের এক প্রতিবন্ধী কিশোরীর। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ইলিয়াস হোসেনকে আটক করে গণপিটুনি দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরী রোজিনা আক্তার ওই এলাকার রেজাউল করিমের মেয়ে ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নিহত কিশোরীর স্বজনরা জানান, থানাঘাটা এলাকার ইকবাল হোসেনের ছেলে ঘাতক ইলিয়াস দীর্ঘদিন ধরে চুমকিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় গতকাল মাদকাসক্ত অবস্থায় ইলিয়াস তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমতাজ মুজিবর জানান, কোনো ভারী বস্তু দিয়ে কিশোরীর মাথায় আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছে।
সাতক্ষীরা সুইদ খাদিমুন্নেছা হানিফ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, চুমকি তার বিদ্যালয়ের ভোকেশনালের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। অভিযুক্ত ইলিয়াস একজন মাদকাসক্ত।
খুলনা র্যাব-৬-এর সাতক্ষীরা শাখার সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভির জানান, থানাঘাটায় এক শারীরিক প্রতিবন্ধীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকসহ তার পরিবারের কয়েকজনকে ধরে রাখলে র্যাব গিয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি সদর হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্ত ইলিয়াসকে পুলিশ পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।