× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতি-কমলনগর উপজেলা

ফের বন্যার শঙ্কা, বিদ্যুৎবিহীন ‍দুদিন এলাকাবাসী

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম

পানিবন্দি রামগতি-কমলনগরের মানুষ। প্রবা ফটো

পানিবন্দি রামগতি-কমলনগরের মানুষ। প্রবা ফটো

লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা রামগতি-কমলনগরে আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত  অব্যাহত রয়েছে। বন্যাকবলিত এলাকা কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন স্থান আবারও পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টি আর ঝড়ের প্রভাবে লন্ডভন্ড দুটি উপজেলা। ফলে ফের বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। বৃষ্টির পাশাপাশি রয়েছে ধমকা বাতাস। ঝড়-তোফানে প্রচুর গাছ গাছড়া ভেঙে পড়েছে। কমলনগর ও রামগতিতে গত ২৪ ঘণ্টায় ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া অবজারভার সোহরাব হোসেন শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুটার দিকে  প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। 

তিনি বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্কতাসংকেত চলছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত বৃষ্টিপাত আরও হতে পারে বলে জানান আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।

এদিকে মানুষের ঘরবাড়ি ও রাস্তার পাশের প্রচুর পরিমাণ গাছ ভেঙে পড়েছে। দুই উপজেলার কোথাও বিদ্যুৎ নেই। গতকাল শুক্রবার থেকে শনিবার ৪টা পর্যন্ত দুদিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে রামগতি-কমলনগর উপকূলীয় উপজেলা দুটি।

স্থানীয় লোকজন জানায়, যেসব এলাকা বন্যায় পানির নিচে তলিয়ে ছিল, গত কয়েকদিন ধরে ওইসব এলাকার পানি নামতে শুরু করেছে। অনেক এলাকা থেকে পানি নেমেও গিয়েছে। তবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টিতে আবারও অনেক জায়গায় পানি উঠে গেছে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা। যেসব এলাকা এখনও পানির নিচে, সেখানে পানির উচ্চতা আবারও বেড়েছে। খালে নানা প্রতিবন্ধকতা থাকায় ঠিকমতো পানি নামতে পারছে না।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে আবারও বন্যার কবলে পড়বে লক্ষ্মীপুরবাসী।

কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আউলিয়ানগর এলাকার মো. আমজাদ হোসেন বলেন, বন্যার পানি কিছুটা নামলেও দুদিনের প্রচণ্ড বৃষ্টির পানিতে আবারও তলিয়ে গেছে চরকাদিরা ইউনিয়ন।

রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা গ্রামের আবুল খায়ের বলেন, প্রায় দুমাস আমরা পানিবন্দি। পানি কিছুটা কমলেও দুদিনের বৃষ্টিতে এখন আবারও আমরা পানিবন্দি। সাথে রয়েছে ধমকা বাতাস।

কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম নিশিত সাহা বলেন, প্রচুর পরিমাণ গাছ ভেঙে বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন হয়েছে। মেরামতে আমাদের কর্মীরা কাজ করছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, একদিকে এ অঞ্চলটি উপকূলীয় এলাকা। অন্যদিকে বন্যার পানি কমতে শুরু করলেও এখন আবার টানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারও পানিবন্দি হয়ে পড়বে এসব অঞ্চলগুলো। একই মন্তব্য করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা