বগুড়া অফিস
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. রিয়াদ। সে ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করত।
ঘটনাস্থলে থাকা হাসান নামের এক যুবক বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা কয়েকজন দেখি রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ পড়ে আছে। তখন আমিসহ আরেকজন মিলে দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের ঊরুর ওপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।'
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘শুক্রবার বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’