সাভার প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৯ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আটকের পর আশুলিয়া থানায় সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে প্রাথমিকভাবে জানা যায়নি।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনিসহ ভিডিওচিত্রে থাকা পুলিশ সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ছায়াতদন্ত শুরু করা হয়। পরে গোয়েন্দা নজরদারি পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। পরে র্যাব-৪-এর কার্যালয়ে তাকে আনা হয়। সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় পাঠানো হয়েছে।
র্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘আফতাবনগর থেকে আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে এ ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহিল কাফীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেশ কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক মরদেহ তুলছেন। পরে লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।