কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৯ পিএম
কুমিল্লায় জব্দ করা ইলিশ মাছ। প্রবা ফটো
ভারতে পাচারের সময় কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
এর আগে বুধবার বুড়িচংয়ের আনন্দপুর সীমান্তে ৬৫০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্রাহ্মণপাড়ার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। এ সময় কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। ৪৪০ কেজি ইলিশ মাছের মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। ইলিশগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।