নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩ পিএম
আদালত প্রাঙ্গনে মেয়র নজরুল ইসলাম খান। প্রবা ফটো
নেত্রকোণা পৌরসভার
মেয়র নজরুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। ২০২২ সালে বিএনপি অফিসসহ
ভাঙচুর ও নাশকতার ঘটনায় গত ৫ আগস্ট করা একটি মামলায় এই রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি কার্যালয় ভাঙচুরসহ মারধরের ঘটনায় মামলার বাদী হয়েছিলেন বামনমোহা গ্রামের সাদেক মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. শাহজাহান বলেন, ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে ১১ সেপ্টেম্বর সকালে নজরুল ইসলাম খান ভারতে পালানোর সময় (পিপি নম্বর A02016614) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6E1108 যোগে কলকাতা যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুমতি না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নজরুল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তিনবারের নৌকার মনোনীত মেয়র ছিলেন।