প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৯ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
বিজিবির হাতে আটক ফজলে করিম চৌধুরীসহ অন্যরা। ছবি : ফোকাস বাংলা
চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর দিয়ে অবৈধভাবে অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
আটক অন্য ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুরের সাবেক মেম্বার মো. হান্নান মিয়া এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
আটকদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।