ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদানসহ নানা অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসকের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ইন্টার্ন চিকিৎসকরা হচ্ছেন- ডা. প্রতীক বিশ্বাস, ডা. লতিফুল কবীর কৌশিক, ডা. সুনীতি কুমার, ডা. শামীম রেজা, ডা. নাইমুর রশীদ. ডা. মেহেদি হাসান রোমান, ডা. এটিবি রুবেল, ডা. ফায়াদুর রহমান আকাশ. ডা. কামরুল হাসান. ডা. আবু রায়হান, ডা. সাখাওয়াত হোসেন সিফাত, ডা. অর্ণব কুন্ডু ও ডা. কাশফি তাবরিজ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত কিংবা সরাসরি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। মেডিকেলের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ১৩ জনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আবেদন নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে আসেন। দুপুরে খবর পেয়ে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকরা দলবল নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে এসে হট্টগোল করেন। এই নিয়ে দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা হাসপাতালে আসেন।
প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক জানান, হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা সভা করে ১৩ জনকে সাময়িকভাবে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।