টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। জনগণের সাহায্য ও সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকলে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আব্দুস সালাম পিন্টুসহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে যাদের আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি। আমাদের দলের পক্ষ থেকে কতগুলো প্রস্তাবনা রেখেছি জাতির সামনে। বিগত প্রায় ১৭ বছরের জনগণের আন্দোলনের ফলে, জনগণের বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা দেশ ও দেশের মানুষের সামনে দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের ৩১ দফা প্রস্তাবনা দিয়েছি।
এসময় তিনি বলেন, যারা রাজনীতি করেন না, কিন্তু দেশকে ভালোবাসেন। এমন বহু সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। এই যে আত্মত্যাগের কারণ কী? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা। জনগণ তাদের কথা বলবে। জনগণের কথা অনুযায়ী কাজ হবে। এমন একটি ব্যবস্থা, যেটিকে রাজনৈতিক ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা, জনগণের ভোট। যে ভোটযুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে সাথে নিয়ে বছরের পর বছর সংগ্রাম করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। সেই সঙ্গে আমাদের অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদের সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে। এই সম্ভাবনার দ্বারগুলো খুলে দিলে আমরা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব।
এ সময় তারেক রহমান আরও বলেন, আমি সেসব সম্ভাবনার কথা বলতে চাই এবং তুলে ধরতে চাই। আগামী দিনে বিএনপি জনগণের সহযোগিতায় জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশে উৎপাদন, সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চাই। বিএনপির রাজনৈতিক লক্ষ্য দেশের মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি।
গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।