রাজশাহী অফিস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:২১ পিএম
নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের গৃহবধূ মেরিনা খাতুন। তার স্বামী আবদুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। এই দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। এবার তাদের ঘর আলো করে এসেছে পাঁচ ছেলেশিশু। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা। পাঁচ নবজাতক ও মা সবাই সুস্থ আছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। বাচ্চাগুলোর মধ্যে দুটি ১ কেজি ২০০ গ্রাম, দুটি ১ কেজি ৩০০ গ্রাম এবং একটির ওজন ১ কেজি।
পরিবারের পক্ষ থেকে হাসপাতালে তাদের তদারকিতে ছিলেন গৃহবধূর মামাশ্বশুর নয়ন বাবু। তিনি বলেন, তারা আগে থেকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্তান হবে বলে জানতেন। এজন্য মেরিনাকে দেখেশুনে রাখতে আগে থেকেই পাঁচ নারীকে নিয়োজিত রেখেছিলেন। মেরিনাও বরাবরই সুস্থ ছিলেন। খাওয়া-দাওয়া করেছেন, ঘুরে বেড়িয়েছেন। গতকাল মঙ্গলবার প্রসববেদনা ওঠার পর তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।
নয়ন বলেন, বুধবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। এরপর একে একে পাঁচটি ছেলেশিশুর জন্ম হয়। তিনি বলেন, খবর পাওয়ার পর বাড়ি থেকে আত্মীয়স্বজন মিলে অন্তত ১৫ জন মেয়ে এসেছেন। তারাই বাচ্চাগুলো নিয়ে ছোটাছুটি করছেন।