হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১১:৩৯ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১২:০৪ পিএম
‘রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগার’ নামে বানিয়াচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। ছবি : প্রবা
আন্দোলনের মুখে অবশেষে ভূপর্যটক ও লেখক রামনাথ বিশ্বাসের বসতভিটার কিছু অংশ পুনরুদ্ধার করে ‘রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগার’ নামে বানিয়াচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টানানো হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকালে রামনাথের বাড়ি গিয়ে সাইনবোর্ড টানান বানিয়াচং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম। এ সময় বানিয়াচং থানার এসআই রাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।
বানিয়াচংয়ের বিদ্যাভূষণ পাড়ার আবদুল ওয়াহেদ নামে এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ওই ৫ একরের বাড়িটি দখল করে রেখে ছিলেন। এর মধ্যে ৩ একর ভূমি আবদুল ওয়াহেদ নিজের নামে রেকর্ডভুক্ত করিয়ে নিয়েছেন। বাকি ৯টি দাগের মধ্যে ১ একর ১৬ শতাংশ ভূমি তিনি নিজের নামে রেকর্ডভুক্ত করাতে পারেননি।
২৭ সেপ্টেম্বর রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধারের দাবিতে ট্রাভেল রাইটার্স সংগঠনের আয়োজনে হবিগঞ্জ টাউন হল থেকে বাইসাইকেলে রামনাথের বাড়ির পথে এক শোভাযাত্রা করা হয়। পরে বানিয়াচং শহীদ মিনারে বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র সহকারী সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু প্রতীকী অনশন করেন।
সেই অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, ট্রাভেল রাইটার্স সংগঠনের সভাপতি ও বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক কবি শাহেদ কায়েস, কথাসাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক ও বিডিনিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর। বানিয়াচং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্জি, সাধারণ সম্পাদক প্রিয়তোষ রঞ্জন, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু চৌধুরী।
এর আগে ১১ সেপ্টেম্বর বিকালে রামনাথ বিশ্বাসের বাড়ির ছবি তুলতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ স্থানীয় চার সাংবাদিক। এ ঘটনায় হবিগঞ্জের স্থানীয় সাংবাদিক তৌহিদ মিয়া দখলদার আবদুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দিলে ওয়ালিদকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ‘এ ভূমি আমাদের ১/১ খতিয়ানভুক্ত। উক্ত ভূমি এখন আমাদের দখলে আছে। সময়-সুযোগ ও বরাদ্দ সাপেক্ষে ওই ভূমিতে রামনাথ বিশ্বাসের স্মৃতি পাঠাগার করা হবে। ১ একর ১৬ শতাংশ রামনাথ বিশ্বাসের স্মৃতি পাঠাগার করার জন্য প্রস্তাবিত ভূমি উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে।’
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায় রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাইসাইকেল দিয়ে বিশ্বভ্রমণ করেছেন ও ভ্রমণ নিয়ে ৪০টি বই লিখেছেন। ১৯৪৭ সালের দেশভাগের পর পুরোপুরি কলকাতায় চলে যান। সেখানেই ১৯৫৫ সালের ১ নভেম্বর মারা যান তিনি।