নারায়ণগঞ্জ শহর প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি : সংগৃহীত
দেশব্যাপী ব্যাপক আলোচিত নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) দুইজন এবং মঙ্গলবার একজনকে গ্রেপ্তারের করা হয়।
তানভীর মাহমুদ পাশা জানান, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ত্বকী হত্যার সঙ্গে জড়িত এবং এর আগে গ্রেপ্তার হননি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেপ্তার মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপরদিকে মঙ্গলবার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালের ৬ মার্চ বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় ত্বকী সারাবিশ্বে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিলেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।