× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুর

ভল্টে থাকা ৭৫ লাখ টাকাসহ উধাও অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখা। প্রবা ফটো

চাঁদপুরের মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখা। প্রবা ফটো

চাঁদপুরের মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা চুরি হয়েছে। অভিযোগ উঠেছে- ব্যাংকটির ক্যাশিয়ার দীপংকর ঘোষ এই টাকা নিয়ে উধাও হয়েছেন।

এ ঘটনায় অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া গত ২ সেপ্টেম্বর মতলব উত্তর থানায় একটি মামলা করেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

অভিযুক্ত দীপংকর ঘোষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের বলাই ঘোষের ছেলে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন দীপংকর ঘোষ। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দীপংকর ঘোষ ব্যাংকে না এলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করা হয়। এ সময় তিনি জানান, তার বাবা অসুস্থ, আসতে দেরি হবে। দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংকে না এলে পুনরায় দীপংকর ঘোষের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ওইদিন প্রকৃত অবস্থান জানার জন্য দীপংকরের স্ত্রী আখি সাহার মোবাইলে ফোন দেওয়া হয়। তিনি জানান, দীপংকর অফিসের উদ্দেশে ঢাকার বাসা থেকে বের হয়ে গেছেন। কিন্তু ওইদিন বিকাল হয়ে গেলেও দীপংকর ব্যাংকে উপস্থিত হননি। ফলে ব্যাংকের ভল্ট খোলা সম্ভব হয়নি।

দীপংকর ঘোষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ব্যাংকের ভল্টে থাকা নগদ টাকা পরিমাণ যথাযথ আছে কিনা তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক গত ৩০ আগস্ট মতলব উত্তর থানার একটি সাধারন ডায়েরি করা হয়।

গত রবিবার ১ সেপ্টেম্বর থানায় অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশের উপস্থিতিতে ভল্টের গ্রীল কেটে এবং চাঁদপুরের প্রধান শাখায় রক্ষিত নকল চাবি দিয়ে ভল্ট খোলা হয়। পরবর্তীতে সকলের উপস্থিতিতে গণনা করে ভল্টে ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা সরেজমিনে পাওয়া যায়। কিন্তু ব্যাংকের ক্যাশ পজিশন অনুযায়ী ক্যাশে ১ কোটি ২ লাখ ৯৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা ছিল। অর্থাৎ ক্যাশ পজিশন অনুযায়ী ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া বলেন, দীপংকর ব্যাংকের ক্যাশ অফিসার হিসেবে কর্মরত থাকায় ব্যাংকের ভল্টের একটি চাবি তার কাছে রক্ষিত থাকত। কৌশল অবলম্বন করে সে নিজে অথবা অজ্ঞাতনামা আসামিরা ব্যাংকের ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমি মতলব উত্তর থানায় একটি মামলা করেছি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অডিট করে গেছেন এবং থানার পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার দীপংকর ঘোষ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা