ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
বরখাস্ত তিন রেল কর্মচারী। প্রবা ফটো
ঢালারচর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়ার
নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগে ছাত্রদের তোপের মুখে ট্রেনে দায়িত্বরত তিন রেল
কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে। রবিবার (৮ সেপ্টেম্বর) পাবনার ঢালারচর
থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত রেল
কর্মচারীরা হলেন- ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ, টিকিট পর্যবেক্ষক (টিটিই)
গোলাম কিবরিয়া ও গ্যারেজ অ্যাটেনডেন্ট (পরিচারক) গোলাম নবী মোল্লা।
রেল কর্মকর্তারা জানান, ঢালারচর ট্রেনে দায়িত্বরত অ্যাটেনডেন্ট (পরিচারক)
গোলাম নবী মোল্লা একজন বিনা টিকিটের যাত্রীর নিকট থেকে টিকিট না দিয়ে ভাড়া আদায় করছিলেন।
এ সময় ওই ট্রেনে যাত্রারত কয়েক ছাত্র গোলাম নবী মোল্লাকে অনৈতিকভাবে টাকা গ্রহণের বিষয়টির
প্রতিবাদ জানান এবং তাকে আটকে রেখে ট্রেনে কর্তব্যরত পরিচালক ও টিটিইকে খবর দেন। তারা
ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা গোলাম নবী মোল্লাকে তাৎক্ষণিক বরখাস্ত ও পরবর্তী স্টেশনে
ট্রেন থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। তারা তাৎক্ষণিক পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক
আহম্মেদ হোসেন মাসুমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ছাত্রদের দাবির মুখে তাৎক্ষণিক
পরিচারক মো. গোলাম নবী মোল্লাকে সাময়িক বরখাস্ত করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে
ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছলে ছাত্ররা ট্রেনের পরিচালক জাকারিয়া সোহাগকে সঙ্গে নিয়ে
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে যান। ছাত্ররা সে সময় ট্রেনের পরিচালক
জাকারিয়া সোহাগ ও টিটিই গোলাম কিবরিয়াকে দায়িত্বে অবহেলার জন্য বরখাস্তের দাবি জানান।
সে সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের নির্দেশক্রমে ট্রেনের পরিচালক জাকারিয়া
সোহাগ ও টিটিই গোলাম কিবরিয়াকে পাকশী বিভাগীয় কার্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে দেয়
কর্তৃপক্ষ।
ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ বলেন, আমি ট্রেনের গার্ড ব্রেকে
ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি ঘটনার সঙ্গে জড়িত নই।
পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন,
ট্রেনের অ্যাটেনডেন্ট গোলাম নবী মোল্লা বিনা টিকিটে যাত্রীর নিকট থেকে টাকা গ্রহণ করেছেন
বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রেনের দায়িত্বরত পরিচালক ও টিটিই এ ঘটনা কোনোভাবেই এড়াতে
পারেন না। সেজন্য পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সূজিত কুমার জানান,
শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে এসেছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাকশী বিভাগীয় রেলওয়ে
কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যেই ট্রেনে দায়িত্বরত পরিচালক, টিটিই ও অ্যাটেনডেন্টকে
সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ঘটনার
সময় ঢাকাতে ছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের
চিফ কমার্শিয়াল ম্যানেজার সূজিত কুমার বিশ্বাসকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করেছেন।