রংপুর অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৬ পিএম
নিহত আবু সাঈদ। ছবি : সংগৃহীত
আবু সাঈদ হত্যা মামলায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই সদস্যকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে তাদের হস্তান্তর করা হয়।
পিবিআইতে পাঠানো মামলার আসামিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই তথ্য নিশ্চিত করেছেন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে।’
গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে সরকারি কাজে বাধা সৃষ্টি করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যার অপরাধে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।
বিভূতি ভূষণের করা মামলায় আসামি করা হয় অজ্ঞাত দুই থেকে তিন হাজার আন্দোলনকারীসহ বিএনপি, জামায়াত-শিবির সমর্থিত নেতাকর্মীদের। মামলার বিবরণে উল্লেখ করা হয়, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বেলা ৩টা ৫ মিনিটের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ছাত্রের নাম আবু সাঈদ (২৩)।’