× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জারিরদোনা শাখা খাল অস্তিত্ব সংকটে

আমানত উল্যাহ, কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১ পিএম

ময়লা-আবর্জনার আর অবৈধ দখলে অস্তিত্ব সংকটে কমলনগরের  জারিরদোনা শাখা খাল।   প্রবা ফটো

ময়লা-আবর্জনার আর অবৈধ দখলে অস্তিত্ব সংকটে কমলনগরের জারিরদোনা শাখা খাল। প্রবা ফটো

ময়লা-আবর্জনার স্তূপ আর অবৈধ দখলের কারণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জারিরদোনা শাখা খাল। এজন্য যথাযথ ব্যবস্থাপনা না থাকা ও প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। জলাবদ্ধতা নিরসনে খালটিকে সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার দাবি উঠেছে উপজেলার সর্বমহল থেকে।

উপজেলা সদর হাজিরহাট বাজার অংশে খাল দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন ও ছোট-বড় বহু দোকানপাট। অনুমোদন ছাড়াই খালে ইচ্ছামতো সরু কালভার্ট তৈরি করেছে স্থানীয় বাসিন্দারা। এলাকার কিছু প্রভাবশালী বাজারের আবর্জনা ফেলে উদ্দেশ্যমূলকভাবে খালটি পূর্ণ করে চলেছে। সময়-সুযোগ বুঝে দখল নেওয়ার পরিকল্পনা তাদের।

এলাকাবাসী জানায়, চরফলকন, চরলরেন্স হাজিরহাট ও সাহেবেরহাট ইউনিয়নসহ উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষিকাজ এ খালের পানি প্রবাহের ওপর নির্ভরশীল। পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষিকাজ ব্যাহত হয়। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সমস্যায় সয়াবিন, ধান, মরিচ, বাদাম ও সবজিসহ বিভিন্ন ফসল ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সৃষ্টি হয় জলাবদ্ধতা। খালের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় চলমান বন্যার পানি নামতে না পারায় চরম দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বন্যার পানি না নামার কারণ হিসেবে খালটি দখলদারত্বকে দায়ী করছেন ভুক্তভোগী মানুষ।

হাজিরহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম বলেন, জারিরদোনা শাখা খালটির সংযোগ সরাসরি মেঘনা নদীর সঙ্গে। আশির দশক পর্যন্ত এ খালটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবেই বিবেচিত ছিল। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে এর অবদান ছিল অনস্বীকার্য। ওই সময়ে কাঁচারাস্তা দিয়ে বাস-ট্রাক যাতায়াত ছিল না। এমনকি ৬০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মূল ভূখণ্ডের সঙ্গে এ অঞ্চলের সড়কপথই ছিল না। সে কারণে ঢাকা-বরিশাল-চৌমুহানী-চাঁদপুর ও ভোলা হতিয়াসহ সারা দেশ থেকে পণ্যবোঝাই মহাজনি নৌকা আসা-যাওয়া করত এ খাল দিয়ে।

উপজেলা ভূমি অফিসের তথ্যমতে, পিএস জরিপে হাজিরহাট বাজার অংশে খালের প্রশস্ততা ছিল গড়ে প্রায় ৩২ ফুট। বর্তমান আরএস জরিপে তা দাঁড়িয়েছে মাত্র ২০ ফুটে। কিন্তু কিছু ভবন এমনভাবে তৈরি করা হয়েছে ওইসব অংশে খালের প্রশস্ততা বর্তমানে ২ থেকে ৩ ফুটের বেশি নেই।

হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান, চরফলকন ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহীম খলিল বলেন, এলাকার বৃহত্তর স্বার্থে খালটি সংস্কার করে পানির প্রবাহ ঠিক রাখা একান্ত জরুরি। পুরো খাল দখল করে যারা ভবন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে বাজারটি মূলত এক গলির এবং দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। তাই এক একচেটিয়া দোকান উচ্ছেদ করলে বাজারই থাকবে না। যাদের লিজের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে নবায়নের সুযোগ দেওয়া উচিত। কারণ অসংখ্য মানুয়ের রুটি-রুজির বিষয়টিও দেখতে হবে। সবদিক বিবেচনা করে, খাল রক্ষার্থে ও পানি প্রবাহ ঠিক রাখতে খালের সীমানা পুনঃনির্ধারণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, খালটি সংস্কার ও অবৈধ দখল উচ্ছেদ করা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খালটিকে আবর্জনামুক্ত রাখতে হলে অবশ্যই বাজারে প্রতিনিয়ত জমে যাওয়া আবর্জনা ডাম্পিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। এ উপজেলায় পৌরসভা নেই। তাই ইউনিয়ন পরিষদকেই এ দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা