প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:২১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের খবর প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত হওয়ার পরে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসুর নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন, মো. তারেক ও আবুল কন্ট্রাক্টর।
উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা-কলাবাগান এলাকার গাজীখালী নদী থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল চক্রটি। এ বিষয়ে ৫ সেপ্টেম্বর প্রতিদিনের বাংলাদেশে ‘বালু উত্তোলনে হুমকিতে কৃষিজমি বসতবাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে প্রশাসনের। পলাশ কুমার বসুর নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী আজাহার আলী ড্রেজার জব্দ করে জড়িত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইউএনও পলাশ কুমার বসু বলেন, ‘খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে। পরে ইউনিয়ন ভূমি সহকারীকে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। উপজেলার অবৈধ ড্রেজার ব্যবসায়ীসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’