রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ পিএম
আগুন লাগার পর গাজী টায়ার কারখানা। ফাইল ফটো
পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাটকারী সাতজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান সালেহ এই সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার মোতাবর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (২২), খাদুন এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (২১), তাদির ইসলামের ছেলে ইব্রাহিম (২৫), আতাবর রহমানের ছেলে মাহবুব হোসেন (৩৫), তারাব এলাকার আলেব শেখের ছেলে সিরাজ (৩২), মোগড়াকুল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোতালিব (৪৮) এবং আব্দুর রশিদের ছেলে সুমন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘কারখানার ভেতর লুটপাটকারীদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানার ভেতরে লুট ঠেকাতে এই ধরনের অভিযান চলমান থাকবে।’