চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫০ পিএম
রবিবার সকাল থেকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। প্রবা ফটো
চাঁদাবাজি ও পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পরিবহন শ্রমিকরা যান চলাচল বন্ধ রেখে সড়কে বিক্ষোভ করছেন।
জানা গেছে, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সেক্রেটারি মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে দিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করেছেন। তাদের এক ড্রাইভারকে মারধর করেছেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।
বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের অভিযোগ, স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মুসা আমাদের রক্ত চুষে খেয়েছেন। একটা লোকাল বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে ১ হাজার ৬৮০ টাকা চাঁদা দিতে হচ্ছে। তারা নানান সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজি করছেন। এর প্রতিবাদ করায় ওরা আমাদের ওপর হামলা করেছেন।
পরিবহন শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে, পরিবহন সংগঠনের নামে এসব চাঁদাবাজি বন্ধ, পরিবহন চালক ও শ্রমিকদের ওপর হামলা বন্ধ করা এবং পরিবহন সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মুসা গত টার্ম নির্বাচন দেয়নি। নির্বাচন ছাড়াই গত ১৭ বছর আমাদের ওপর জুলুম করেছেন, রক্ত চুষে খেয়েছেন। এখনও তিনি অবৈধভাবে চাঁদাবাজি করছেন। আমরা আর সেটা হতে দেব না। আমরা এখন স্বৈরাচার মুসাকে চাই না।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। পরিবহন সংগঠনের নেতা ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনীর একটি দল আলোচনার চেষ্টা করছে। তবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই শত শথ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ির অপেক্ষায় রয়েছেন তারা। হঠাৎ যান চলাচল বন্ধ হওয়ায় কর্মব্যস্ততায় স্থবিরতা দেখা দিয়েছে এবং দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা।