সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৯ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮ পিএম
নিহত শেখ ফারুক হোসেন রানা। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেখ ফারুক হোসেন রানা নামে এক জেলা যুবদল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ ফারুক হোসেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মীর মতো শেখ ফারুক হোসেন রানা ছুটে যান চুকনগরে। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব। বিকাল সাড়ে তিনটার দিকে তার বক্তব্য শেষ হবার পরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন যুবদলের এই নেতা। ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যুবদল নেতা শেখ ফারুক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসীন মন্টু, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ নেতাকর্মীরা।