ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪ পিএম
ভোলার মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মো. রিয়াজ মাঝি নামে এক জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ মাঝির সন্ধানে স্থানীয় জেলে ও নিখোঁজের পরিবারের সদস্যরা সন্ধান করছেন।
নিখোঁজ রিয়াজ মাঝি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের তোফায়েল মাঝির ছেলে এবং অভিযুক্ত মাহে আলম মাঝি একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাহে আলম মাঝি ও তার সঙ্গীরা। গত শুক্রবার ভোরের দিকে দৌলতখান উপজেলার হাজিরপুরসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজের পরিবার ও স্থানীয় জেলেরা জানান, গত শুক্রবার ভোরে দৌলতখানের হাজিপুরসংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন রিয়াজ মাঝির নেতৃত্ব ৩ জেলে। ওই সময় রিয়াজ মাঝির জালের সঙ্গে মাহে আলম মাঝির জালের প্যাঁচ লাগে। এতে মাহে আলম মাঝিসহ তার সঙ্গী ৫-৭ জন জেলে রিয়াজ মাঝির ট্রলারে এসে ওপর হামলা চালান। এ পর্যায়ে রিয়াজ মাঝির মাথায় আঘাত করলে সে ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জব্বারুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় নিখোঁজের পরিবার কোনো অভিযোগ করেরনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।