টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬ পিএম
গ্রেপ্তার বাদশা মিয়া। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত কলেজছাত্র হত্যা মামলায় মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে থানার পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদশা মিয়া ওই ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন কলেজছাত্র ইমন (১৮)। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। পরে নিহতের ভাই সুমন গত ২২ আগস্ট ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১০০ নম্বর আসামি বাদশা মিয়া।
নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মণ্ডলবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন।
মির্জাপুর থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’