কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক
করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঢাকার সূত্রাপুরের ইকবাল আহম্মেদ খানের ছেলে মো. আরিফ হোসেন
খান, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হাওড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা,
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার রামদিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে মো. লিটন মোল্লা,
ঠাকুরগাও জেলার রানীসংকৈল থানার কদমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. কাজল ইসলাম,
দিনাজপুরের বিরল থানার টেগরা মোকলেছুর গ্রামে নজরুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন ও
গোপালগঞ্জ সদর থানার ভোজেরগাতী গ্রামের লোকমান সরদারের ছেলে মো. মামুন সরদার।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বেথুড়ী ইউনিয়নের জোতকুরা গ্রামে একটি মাইক্রোবাসে করে ৬ ডাকাত প্রবেশ করে। এ সময় গাড়িটি মধ্যপাড়ার মজিবর মোল্লার বাড়ির কাছে গেলে স্থানীয়রা তাদের থামার জন্য সিগনাল দিলে দ্রুত ঘুরিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। এ সময় দুই ডাকাত পালিয়ে গেলেও গাড়ীসহ ৬ ডাকাতকে আটক করে স্থানীয়রা। পরে তারা গ্রামবাসীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, আটকদের কাছ থেকে একসেট সাব ইন্সপেক্টর পুলিশের পোশাক, একসেট হ্যান্ড কাপ, পিস্তলের কভার, রিফ্লেক্টিং ভেস্ট, ডুপলিকেট পুলিশ আইডি কার্ড দুইটি, একটি পুলিশ বেল্ট ও গাড়িতে পুলিশের স্টিকার জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।