× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সমস্বরে জাতীয় সংগীত কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬ পিএম

সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি অনুষ্ঠিত। প্রবা ফটো

সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি অনুষ্ঠিত। প্রবা ফটো

জাতীয় সংগীত নিয়ে হীন চক্রান্তের প্রতিবাদে বগুড়ায় সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী।

কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সাম্যবাদী আন্দোলন, জাসদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, দিনবদলের মঞ্চ, সিপিবি নারী সেল, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ বগুড়ার আপামর জনসাধারণ উপস্থিত ছিল। কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব।

জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী, সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।

সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ এ দেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মূল সুর বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় সংগীত, জাতীয় পতাকার ওপর আঘাত হানতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ ও বৈষম্যের অবসানের কথা বলা হয়েছে, সেটি সম্ভব মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য-মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও  জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। অন্য কোনো স্বৈরাচারী এবং ফ্যাসিস্টের ছায়ায় কেউ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামে দেশবাসীকে সঙ্গে নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী তাদের প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংগীত, জাতীয় পতাকা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা, সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য,  শিল্প-সংস্কৃতি বিষয়ে ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা