শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৭ পিএম
বিক্ষোভরত শ্রীপুরে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। বেতন বাড়ানোর পাশাপাশি তারা ৯ দফা দাবি জানায়। এ সময় মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে মানুষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ থেকে ১১টা পর্যন্ত শ্রীপুর উপজেলার নয়নপুরে কারখানার সড়কের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করে শ্রমিকরা। পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের প্রস্তাব দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।
শ্রমিকদের দাবিগুলো হলো কারখানার নিয়মনীতির পরিবর্তন ও সংশোধন নোটিসের মাধ্যমে করতে হবে, প্রতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, কারখানার অভ্যন্তরে শ্রমিক থেকে ম্যানেজমেন্ট স্টাফ পর্যন্ত সব ভারতীয়কে অপসারণ করতে হবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এরিয়া বিল দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে জড়িত শ্রমিকদের হাজিরা নিশ্চিত করতে হবে, নতুন এবং পুরাতন বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়ন করতে হবে, সিভিল কর্মীদের সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা দিতে হবে, হাজিরা বোনাস ১৫০০ টাকা করতে হবে, আন্দোলনের পর কর্মস্থলে যোগদানের পর কোনো কর্মীকে অযথা হয়রানি, বহিষ্কার ও চাকরিচ্যুত করা যাবে না।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, জানুয়ারিতে বার্ষিক বেতন বৃদ্ধি করলেও ওই বেতন না দিয়ে আগের গেজেট অনুযায়ী বেতন পরিশোধ করছে। ইনক্রিমেন্ট আকারে বেতন পরিশোধের দাবি জানায় তারা।
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক রাহয়ান মিয়া বলেন, ‘আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা ৯ দফা দাবিতে সকাল ৬টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’
এসব বিষয়ে জানতে আরএকে সিরামিকস কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।