সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৮:০০ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৮:২৯ পিএম
শিক্ষকের পিটুনিতে আহত শিক্ষার্থী। ছবি : প্রবা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গেল রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের টিকরপাড়া গ্রামের সাফি আহমদ সদর ইউনিয়নের রাণাপিং চন্দনভাগ গ্রামের আয়শা সিদ্দিকা (রা.) ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। তবে ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
শিক্ষার্থীর বাবা আব্দুল আজিজ জানান, রুটিন মোতাবেক পড়া মুখস্থ বলতে না পারায় শিক্ষক শাফি আহমদ আমার ছেলেকে বেত দিয়ে পেটায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো চিকিৎসা দেয়নি। এমনকি অভিভাবককে না জানিয়েছে শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখে। ওই রাতে এশার নামাজের সময় আমার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, তার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিভাবকদের কিছু জানানো হয়নি।
এ বিষয়ে জানতে ওই মাদ্রাসার মুহতামিম হাফিজ বদরুল হক ও শিক্ষক শাফি আহমদের মোবাইলে যোগাযোগ করা হলেও তার ফোন ধরেননি। এসএমএস পাঠিয়ে পরিচয় দেওয়া হলেও সাড়া দেননি কেউ।